মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

ব্যক্তির সামাজিকতা মস্তিষ্কের গঠনের ওপর নির্ভরশীল

মস্তিষ্কের গঠন ব্যক্তির সামাজিকতা নির্ধারণ করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে।

৫৮ জন স্বেচ্ছাসেবীর মস্তিষ্ক স্ক্যান করে পরিচালিত এক প্রাথমিক গবেষণায় এই ইঙ্গিত পাওয়া গেছে।

যেসব মানুষ বন্ধুদের সঙ্গে আড্ডায় অনেক সময় ব্যয় করে তাদের এ আড্ডার পেছনে কাজ করে মস্তিষ্কেরই একটি অংশ।

মস্তিষ্কের এ অংশটির নাম এ্যামিগডালা। এটি মস্তিষ্কের ভিতরের দিকের একটি অংশ।

সচরাচর এ্যামিগডালা অংশটির আয়তন যা হয়, মিশুক মানুষের মস্তিষ্কের এ্যামিগডালা অংশটি তার চেয়ে বড় হয়। আর এটাই তার আড্ডাবাজ চরিত্রের কারণ বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

রোববার 'ন্যাচার নিউরোসায়েন্স' নামের এক অনলাইন জার্নালে গবেষণার এ ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, স্বেচ্ছাসেবীর এ্যামিগডালা যত বড় সে তত বেশী নিয়মিতভাবে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে।

মস্তিষ্কের সামাজিক কর্মকান্ড নির্ধারক নেটওয়ার্কের কেন্দ্রে এ্যামিগডালার অবস্থান। তাই এটি সামাজিকতার বিষয়টি নির্ধারণ করে। জানিয়েছেন গবেষকদলের সদস্য লিসা ফেল্ডমান ব্যারেট।

উদাহরণ হিসেবে বলা যায়, মস্তিষ্কের এই নেটওয়ার্কই আমাদের বুঝতে সাহায্য করে কোন মানুষটি আমাদের পরিচিত আর কে অপরিচিত, কে বন্ধু আর কে শত্র"; জানিয়েছেন, বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির লিসা ফেল্ডমান ব্যারেট।

কিন্তু বড় এ্যামিগডালাই কি আমাদের বন্ধুবৎসল করে তোলে নাকি বন্ধুবাৎসল্যই মস্তিষ্কের এ্যামিগডালাকে বড় করে তোলে?

গবেষণায় এই বিষয়টি নির্ধারণ করা যায়নি। তবে ব্যারেটের ধারণা, এতে হয়তো উভয়েরই কিছু ভূমিকা আছে। বড় এ্যামিগডালা যেমন আমাদের বন্ধুবৎসল করে তোলে তেমনি বন্ধুবাৎসল্যও হয়তো এ্যামিগডালাকে বড় হতে সহয়তা করে।

মানুষের মস্তিষ্কের ডান অর্ধাংশে একটি ও বাম অর্ধাংশে আরেকটি এ্যামিগডালা আছে। গবেষণার ফল এই দুই অংশের জন্যই সত্য বলে জানা গেছে।

তিনি জানান, এখন পরবর্তী গবেষণার মাধ্যমে এ গবেষণার ফল যাচাই হওয়া দরকার।

কোন তাৎক্ষণিক লাভের জন্য নয় বরং মৌলিক জ্ঞানার্জনের উদ্দেশ্যে এই গবেষণা পরিচালিত হয় জানিয়ে তিনি বলেন, এ গবেষণা পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার সহয়তা করেছে।

ব্যারেট আশা প্রকাশ করেন, এই গবেষণা হয়তো একদিন মানুষকে স্বতঃস্ফুর্ত সামাজিক জীবন উপভোগ করতে সহায়তা করবে।

লসএঞ্জেলসের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মস্তিষ্ক-মানচিত্রায়ণ বিশেষজ্ঞ আর্থার টোগা এই গবেষণাকে ভাল কাজের স্বীকৃতি দিয়ে বলেন এর পরিসংখ্যানগত ফলাফল শক্তিশালী।

তিনি আরো বলেন, মানুষের আচরণের সঙ্গে মস্তিষ্ক গঠনের সম্পর্ক নির্ণয়ের প্রচেষ্টা আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কাজ।

এ মাসের প্রথমদিকে এ্যামিগডালার গবেষণা মার্কিন সংবাপত্রের শিরোনাম হয়, যখন গবেষকেরা এমন এক নারীর কথা প্রকাশ করেন যার মস্তিষ্কের এ্যামিগডালা অকার্যকর। ভয়ার্ত পরিবেশেও মহিলাটির কোন ভাবান্তর হয় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন