মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

কাছের বন্ধু হয় খুব কমই

- সামাজিক যোগাযোগ সাইটগুলোর বিপুল জনপ্রিয়তার পরও বেশিরভাগ মানুষেরই ঘনিষ্ঠ বন্ধু হয় খুব কম। বড়োরা বেশিরভাগই তাদের কাছের বন্ধু বলে বিবেচনা করে মাত্র দুই জনকে।

নতুন এক গবেষণায় এমনটিই দেখা গেছে। ২ হাজার জনের ওপর এ গবেষণা চালিয়েছেন নিউইয়র্কের করনেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ম্যাথু ব্রাশিয়ারস। এর ফল প্রকাশ করেছে ব্রিটেনের “দ্য টেলিগ্রাফ”।

গত ছয় মাসে “গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা” হয়েছে এমন কয়েকজনের নাম উল্লেখ করতে বলা হয় গবষণায় অংশগ্রহণকারীদেরকে।

এতে দেখা গেছে, ২৯ শতাংশ উত্তরদাতা দুই জনের বেশি, ১৮ শতাংশ দুই জন এবং ৪৮ শতাংশ মাত্র একজনের নাম উল্লেখ করেছে।

এছাড়া, ৪ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কারো সঙ্গে কথা বলেনি।

সব মিলিয়ে ঘনিষ্ঠ বন্ধুর গড় সংখ্যা হয়েছে ২ দশমিক ০৩। এতে আরো দেখা গেছে, নারী ও উচ্চ শিক্ষিতদের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম।

গবেষণায় লক্ষ্যণীয় আরেকটি দিক বেরিয়ে এসেছে। আর তা হলো, সামাজিক যোগাযোগ সাইটগুলোর জনপ্রিয় প্রসারের পরও মানুষের ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা আগের তুলনায় কমে যাচ্ছে।

২৫ বছর আগে ঠিক একই ধরনের গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ প্রাপ্ত বয়স্ক মানুষের ঘনিষ্ঠ বন্ধু ছিলো তিনজন। কিন্তু এখন আর তা দেখা যাচ্ছে না।

আধুনিক এই তথ্যপ্রযুক্তির যুগে যেখানে অনেকেই দিনের কয়েক ঘন্টা সামজিক যোগাযোগ সাইট দেখে কাটায়, সেখানে ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কমে যাওয়া সত্যিই বিস্ময়কর।

ফেইসবুক ও টুইটারের মত সাইট ব্যহারকারীদের অনেকেরই শত শত “ফ্রেন্ড” ও “ফলোয়ার” আছে।

ফেইসবুক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেইসবুক বন্ধুর গড় সংখ্যা ১৩০ জন। এমনকি অনলাইনে অনেকের হাজার হাজার বন্ধুও আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন